বরিশাল অফিস
পিরোজপুরে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম হাওলাদার (৪০) নামের এক জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব-৮। গতকাল মঙ্গলবার দুপুরে ই-মেইল বার্তায় পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন জেলেদের অপহরণ ও চাঁদা আদায়ের জন্য জলদস্যু সাইদুল ইসলামসহ তাদের দলের একাধিক সদস্যরা পিরোজপুর জেলার সদর থানার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু দল পালিয়ে গেলেও র্যাব সদস্যরা সাইদুল ইসলাম হাওলাদার নামের একজনকে আটক করে। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি একনালা বন্দুক, দুইটি দেশীয় একনালা বন্দুক, দুইটি রামদা, ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব-৮-এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুরের সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
