সিলেট অফিস
নগরীর বিভিন্ন বাসাবাড়িতে পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড এলাকার উপকণ্ঠে কাউন্সিলর মো. মোস্তাক আহমদের নেতৃত্বে সিসিকের পানি সরবরাহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন। এসময় অন্তত ১০টি বাসার অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এ অভিযান চলবে বলে জানিয়েছেন পানি শাখার কর্মকর্তারা। দীর্ঘদিন থেকে নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে পানির লাইন ব্যবহারের বিষয়টি নজরে আসলে অভিযানের নির্দেশ দেন মেয়র আরিফ।
মেয়র বলেন, নগরীতে যারা সিটি করপোরেশন কর্তৃক সংযোগকৃত পানির লাইনে অবৈধভাবে মটরের সংযোগ দিয়ে পানি উত্তোলন করে থাকেন কিংবা যারা অবৈধভাবে সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধ মটর জব্দ করা হবে।
অভিযানে সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, উপসহকারী প্রকৌশলী এনামুল হক তফাদার, উপসহকারী প্রকৌশলী সুনীল মজুমদার, আনোয়ার হোসেনসহ সিসিকের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
