সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৬

 

নীলফামারীতে মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি ‘নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প’ এর উদ্যোগে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মঙ্গলবার সিবিও নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সার্কিট হাউজ রোডে পল্লী শ্রী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী ও সচেতন নাগরিক কমিটির সদস্য মিজানুর রহমান লিটু।

বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম উজ্জলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া প্রমুখ।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দুর্গম এলাকা বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের বলেশ্বর বাজার সংলগ্ন জেলে পল্লিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিবার প্রতি ১৬ কেজি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ ও উপজেলা কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

রাণীশংকৈল হেলথ ক্যাম্প

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা রাণীশংকৈল পৌরসভায় মঙ্গলবার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম।

উলিপুরে গণশুনানি অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ মাঠে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা।

শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, ছাতা ও সাইকেল বিতরণ

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা সমাজের অনগ্রসর পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, বাইসাইকেল, ছাতা এবং কেরামবোর্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম এগুলো বিতরণ করেন। প্রতিষ্ঠান দুটি হলো চুকনগর মডেল মহিলা কলেজ ও চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ সময় কলেজের অধ্যক্ষ এম আর মঈন, প্রভাষক মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মোংলায় উপকূল দিবস পালিত

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার দাবিতে মঙ্গলবার মোংলায় বিভিন্ন কর্মসূচিতে উপকূল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মোংলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে ক্লাবের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এইচ এম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু প্রমুখ।

নাভারনে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

বেনাপোল (যশোর) সংবাদদাতা শার্শায় সালেহা-কবীর জীবন ফাউন্ডেশনের আয়োজনে নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার এবং থেরাপি দেওয়ার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ বিভাগের অ্যান্টি-টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান এসব সরঞ্জাম বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়ন কার্যক্রমসংক্রান্ত মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জের উন্নয়ন কার্যক্রমসংক্রান্ত বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। মঙ্গলবার দুপুরে উপজেলা গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর প্রমুখ।

কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে রবি/২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে মঙ্গলবার বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে উপজেলার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

কলমাকান্দা (নেত্রকোনা) সাংবাদদাতা কলমাকান্দায় মঙ্গলবার বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি প্রধান অতিথি হিসেবে সর্বস্তরের প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে উপজেলার সার্বিক কর্মকাণ্ডের ওপর এ মতবিনিময় সভা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মাহসুদ, সিনিয়র সহকারী কমিশনার মহিনুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস প্রমুখ।