ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর শান্তিনগরে আল-মক্কা বাসের চাকায় পা পিষ্ট হওয়া কানিজ ফাতেমা রুমা অবশেষে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকল ৯টার দিকে শান্তিনগর মোড়ে আল-মক্কা নামের একটি বাসের চাপায় পা হারান ঐ নারী। জানা গেছে, নিহত কানিজ ফাতেমা রুমা গতকাল ভোরে বাবার বাসা মিরপুর থেকে অফিসে যাচ্ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে নিহতের স্বামী শিক্ষক শফিকুল ইসলাম জানান, তাদের বাসা কদমতলী দক্ষিণ দনিয়ায়। কানিজ ফাতেমা রুমা শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকে চাকরি করেন। মঙ্গলবার সকালে মিরপুরে তার বাবার বাসা থেকে আল-মক্কা বাসে শান্তিনগর যাচ্ছিলেন। শান্তিনগরে বাস থেকে নামার সময় বাসটি একেবারে না থেমে চলন্ত অবস্থায় ছিল। চলন্ত অবস্থায় তাকে নামতে বলেন হেলপার। এর মধ্যে তিনি নামতে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাসটি টান দেন চালক। তখন ঐ বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন রুমা। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মী ও স্থানীয় লোকজন। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলছিলেন চিকিত্সকরা। এমন অবস্থার মধ্যে দুপুরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। গত ২৭ আগস্ট বাংলামোটর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায় নামে এক নারী। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক।
