আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি সদ্যপ্রয়াত মইনউদ্দিন খান বাদলের স্মরণে ১৪ দল আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্যে জোটের পক্ষ থেকে এ নিন্দা জানিয়ে তিনি বলেন, রাঙ্গাকে প্রকাশ্যে দিবালোকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, শহীদ নূর হোসেন রাজপথে জীবন দিয়েছেন। অথচ সেই নূর হোসেনকে নিয়ে জাপার মহাসচিব এমন মন্তব্য কীভাবে করলেন? অর্বাচিন রাজনীতিকের মতো তার এই বক্তব্যে ১৪ দল বিস্মিত হয়েছে। রাঙ্গার বক্তব্য দুঃখজনক। এটা গর্হিত ও ক্ষমাহীন কাজ। নূর হোসেনকে নিয়ে রাঙ্গার ঐ উক্তিতে প্রমাণিত হয়েছে যে তাদের স্বৈরাচারী চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। মইনউদ্দিন খান বাদলকে স্মরণ করে তিনি বলেন, মইনউদ্দিন খান বাদল সব সময়ই অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সব সময় ১৪ দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করে গেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমার দেখা বাংলাদেশের সেরা কয়েকজন পার্লামেন্টারিয়ানের মধ্যে বাদল একজন। সংসদে তার বক্তব্য ছিল বস্তুনিষ্ঠ, জোরালো ও যুক্তিনির্ভর। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জাতীয় সংসদে বক্তব্যের সময় সব সময়ই মইনউদ্দিন খান বাদল আলোড়ন সৃষ্টি করেছেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সারা দেশে যখন শুদ্ধি অভিযান চলছে, বিএনপি-জামায়াতের নানা চক্রান্ত হচ্ছে এমন সময় বাদল সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সব সময় তাকে স্মরণ করবে।
১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নূরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, জাসদ নেতা নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের রেজাউর রশীদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনার শুরুতে মইনউদ্দিন খান বাদলের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সোমবার রাতে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
