গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ১৫টি ওয়ার্ডে প্রায় সকল সড়কেরই বেহাল অবস্থা। অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে গিয়ে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। বেহাল এই সড়কগুলোতে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে প্রতিদিন যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিল্পনগরী টঙ্গী পূর্ব থানা গেট থেকে দত্তপাড়ার সড়ক, টঙ্গী বাজার থেকে মধুমিতা, শেরেবাংলা সড়ক, আনারকলি সড়ক, সাতাইশ সড়ক, মোল্লাবাড়ি সড়ক, টঙ্গী কালিগঞ্জ সড়ক, কলেজ সড়ক, আউচপাড়া সড়ক, শিলমুন সড়ক, গাজীপুরা কাজী বাড়ি সড়ক, হোসেন মার্কেট সড়ক, বড়ো দেওড়া সড়ক, মাছিমপুর সড়কসহ অধিকাংশ অলিগলির সড়কের বেহাল অবস্থা। এলাকাবাসী স্থানীয় কাউন্সিলরদের কাছে অভিযোগ করেও এর সমাধান পাননি।
সামান্য বৃষ্টিতে গর্তগুলো তলিয়ে যায়, তখন বুঝার উপায় নেই এটি সড়ক না খাল। এ সড়ক দিয়েই যাতায়াত করে শিল্প এলাকার ট্রাক, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহনগুলো। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাঝেমধ্যে গাড়িগুলো রাস্তায় উলটে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
মধুমিতা সড়কের অটোরিকশাচালক রাজু জানান, চেরাগআলী থেকে একজন রোগী নিয়ে টঙ্গী সরকারি হাসপাতালের উদ্দেশে রওনা হই। চেরাগআলী হয়ে থানা সড়কে ওঠার পরই যানজটে পড়ি। ৫ থেকে ১০ মিনিটের পথ প্রায় এক ঘণ্টার পর হাসপাতালে পৌঁছাই। টঙ্গী থানা রোডের চা দোকানদার মো. করিম মোল্লা বলেন, হালকা বৃষ্টি হলেই থানা গেটের এই সড়কে হাঁটুপানি জমে যায়। তখন বুঝা যায় না সড়কের কোথায় গর্ত আর কোথায় সমান। বৃষ্টি হলে আমরা থানা গেট এলাকায় ব্যবসা করতে পারি না।
এবিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম বলেন, আমি এই রাস্তাটি সংস্কারের জন্য গাসিক মেয়রকে দফায় দফায় অনুরোধ করেছি। তিনি আমাকে আগামী বাজেটে করে দিবেন বলে আশ্বস্ত করেছেন।
