সাভারের আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে এক শ্রবণ প্রতিবন্ধী শিশুকে ঘরের ভিতরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ঐ শিশুটির নাম মো. সানি (১১)। এঘটনায় শিশুটির মা সালমা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায়। আটককৃতরা হলো— আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আরব আলীর ছেলে সোহাগ (৩০) এবং আইনুদ্দিন মোল্লার ছেলে কবির মোল্লা (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পলাশবাড়ি এলাকার সোহাগের নেতৃত্বে কয়েকজন যুবক শ্রবণ প্রতিবন্ধী শিশু সানির বিরুদ্ধে কবুতর চুরির মিথ্যা অভিযোগ তুলে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরের মধ্যে আটকে রেখে দফায় দফায় মারধর করে সোহাগ। এক পর্যায়ে শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় মাটিতে আছড়ে ফেলে নির্যাতন করে মেরে ফেলার ভয়ভীতি দেখানো হয়।
খবর পেয়ে প্রথমে ঐ এলাকার দুই যুবক শিশু সানিকে ছাড়িয়ে আনতে গেলে তাদেরকেও মারধর করে সোহাগ। পরে সানির মা এলাকার লোকজন নিয়ে গিয়ে ছেলেকে উদ্ধার করেন। এসময় সানির সারা শরীরে মারধরের চিহ্ন ফুটে ওঠে।
আশুলিয়ার থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, মারধরের ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
