জামায়াতে নতুন আমির ডা. শফিকুর রহমান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০০:৩৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। সংগঠনের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। এর আগে তিনি দলের সেক্রেটারি জেনারেল ছিলেন। গতকাল মঙ্গলবার জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের ফল ঘোষণা করে। দলের সর্বোচ্চ সংখ্যক রোকনের (সদস্য) ভোট পেয়েছেন শফিকুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

তিনি আমির পদে শপথ নেওয়ার পর দলের মজলিসে শূরার পরামর্শে সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ দেওয়া হবে। জামায়াত সূত্রের খবর—দলটির সেক্রেটারি জেনারেল হতে পারেন রফিকুল ইসলাম খান। তিনি এর আগে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। গত মাসে জামায়াতের মজলিসে শূরা দলের আমির নির্বাচন করতে প্যানেল গঠন করে। সেখানে শফিকুর রহমান ছাড়া জামায়াতের দুই নায়েবে আমির মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারেরও নাম ছিল।