মুদ্রা পাচারের মামলায় ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান, পরিচালকসহ ২১ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন। রায়ে আসামিদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি পাচার করা ৩০০ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৭৩৯ টাকার দ্বিগুণ পরিমাণ জরিমানা করা হয়েছে। সে হিসেবে আসামিদের প্রত্যেকের জরিমানা হয় ২৮ কোটি ৬৬ লাখ ১ হাজার ২১৩ টাকা। আগামী ৬০ দিনের মধ্যে এই টাকা রাষ্ট্রের অনুকূলে জমা না দিলে তা সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে আদায়যোগ্য হবে বলে রায়ে বলা হয়েছে।
রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন—ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যান মুহাম্মদ মফিজুল হক, এমডি মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মুহাম্মদ হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম, এইচ এম আমিরুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান (তপন), মোহাম্মদ সোলাইমান সরোয়ার, হারুন আর রশিদ, শেখ আবদুল্লাহ আল মেহেদী, সৈয়দ জাহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, এম এ সাদী, আসলাম হোসাইন, মেহেদী হাসান মোজাফ্ফর, ইমতিয়াজ হোসেন কাওসার ও মিজানুর রহমান।
