অবৈধ সম্পদ অর্জন

সম্রাট ও এনামুলের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০০:৩৯

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সম্রাটের সহযোগী এনামুল হকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করা হয়। এই দুই মামলার মধ্যে সম্রাটের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী হয়েছেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং আরমানের বিরুদ্ধে দায়ের মামলায় বাদী হয়েছেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। এ মামলা দুটি তদারকি করবেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

সম্রাটের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়েছে, অসত্ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে সম্রাট নিজ নামে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া অর্জিত এ সম্পদ নিজ ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপরদিকে এনামুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়েছে, অসত্ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে এনামুল নিজ নামে ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এমনকি এসব সম্পদ তিনি নিজ ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।