প্রশ্ন পাওয়ার পর পুরো প্রশ্নটাই ভালোভাবে পড়বে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৯:০৪

পরামর্শ

 

 মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক

৬৭ নং সুন্দাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ময়মনসিংহ

 

প্রিয়,পিইসি পরীক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিও। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়, তাই এ বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তোমাদের হাতে সময় কম তাই রুটিন অনুযায়ী বেশি বেশি  করে রিভিশন দাও। পাঠ্যবইয়ের প্রতিটি লাইন কয়েকবার করে পড়তে হবে। যা পড়বে তা আবার খাতায় তথ্য আকারে বা বিস্তারিত লেখার মাধ্যমে অনুশীলনকে আরও সমৃদ্ধ করতে পারো। তোমাদের ভালো ফলাফলের আশায় নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরছি। আশাকরি এগুলো অনুসরণ করলে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পারবে।

´ পাঠ্য বইয়ের প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়বে। নতুন ও কঠিন শব্দগুলো বারবার পড়বে। প্রয়োজনে খাতায় লিখে অনুশীলন করবে। নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে মডেল টেস্ট পরীক্ষা দাও এবং সেখান থেকে ভুলগুলো বের করে সংশোধন কর।

´ ইংরেজি ও বাংলা বিষয়ে শব্দের বানানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বড় ও কঠিন শব্দগুলোর সমার্থক শব্দ জানা থাকলে প্রয়োজনে ব্যবহার করা যাবে। ‘নেপ’ এর সিদ্ধান্ত মোতাবেক ইংরেজি বিষয়ের ২ ও ৬ নং প্রশ্নে ‘ ট্রু বা ফলস’-এর ক্ষেত্রে সঠিক হলে ‘ট্রু’ এবং মিথ্যা হলে ‘ফলস’ লেখলেই হবে।

´ গণিতের জ্যামিতিক চিত্র এবং বিজ্ঞানের বেলায় কোনো চিত্র দিতে হলে অবশ্যই সুক্ষ ও সুন্দরভাবে আঁকতে চেষ্টা করবে। কোনোরূপ ঘষা-মাজা না করা ভালো। মনে রাখবে, কোন চিত্র আঁকলে তা পেন্সিল দিয়ে আঁকতে হয়।

´ প্রশ্নে যা চাওয়া হয়েছে তা ১০০% উত্তর সুন্দর ও স্পষ্টভাবে লেখার চেষ্টা করবে। পরিষ্কার সুন্দর হাতের লেখা বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে সহায়ক।

´ প্রয়োজনীয় উপকরণসহ পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকতে হবে। উত্তরপত্র হাতে পাওয়ার পর নাম, রোল নম্বর, বিষয় ইত্যাদি সুন্দর ও স্পষ্ট করে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখবে। উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় ১ ইঞ্চি করে মার্জিন দিবে এবং পৃষ্ঠা নম্বর দিবে।

´ প্রশ্ন পাওয়ার পর পুরো প্রশ্নটাই ভালোভাবে পড়বে এবং খুব ভালোভাবে জানা প্রশ্নের উত্তর আগে লিখবে। এক্ষেত্রে উত্তরগুলোর হেডিং এবং সাব-হেডিংগুলোকে সবুজ রংয়ের কলম দিয়ে আন্ডারলাইন করলে সুন্দর দেখাবে।

´ সময়ের প্রতি খেয়াল রেখে উত্তর দিবে। অতিরিক্ত কাগজ বা লুজশিট নিলে তাতে ধারাবাহিকভাবে পৃষ্ঠা নম্বর দিয়ে লিখবে এবং অবশ্যই মূল খাতার সাথে সেলাই করে নিবে। মনে রাখবে, কোনো লেখা কাটতে হলে এক টান দিয়ে কেটে দিবে।