তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআইয়ের উদ্যোগে ১১ নভেম্বর আগারগাঁও অবস্থিত আইসিটি টাওয়ারে উদ্যাপিত হয়েছে ডিজিটাল সেন্টারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক কেক কেটে দিবসটি উদ্যাপন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইনোভেশন টক অনুষ্ঠানে এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মে. আব্দুল মান্নান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের সঙ্গে আইসিটি বিভাগের নাগরিক সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যৌথভাবে কাজ করতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে শহরের সেবা গ্রামে পৌঁছে দিতে পারলেই জনগণের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শহর গ্রামের ব্যবধান কমে আসবে। এর মাধ্যমে দেশের সুষম ও টেকসই উন্নয়ন সাধিত হবে বলে আশা করেন মন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর’—এই স্লোগানের ওপর ভিত্তি করে সরকার সেবার বহর বৃদ্ধি করতে প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জনগণের কাছে সরকারি দপ্তরের সেবাসমূহ পৌঁছে দেওয়া, যেন জনগণকে এসব দপ্তরে সেবার জন্য ঘুরতে না হয়। তিনি আরো বলেন,‘আমরা ইতিমধ্যে সকল সেবাকে একটি ইনটিগ্রেটেড প্ল্যাটফরম ‘একসেবা’-এর আওতায় নিয়ে এসে জনগণের সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি। একই সঙ্গে বিভিন্ন পরিষেবা বিল প্রদানে ‘একপে’ নামক একটি প্ল্যাটফরম এবং গ্রামের পণ্য শহরে ও শহরের পণ্য গ্রামে ছড়িয়ে দেওয়ার নিমিত্তে একটি সমন্বিত ই-কমার্স প্ল্যাটফরম ‘একশপ’ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ ইতিমধ্যে উদ্বোধন করেছেন।’
অনুষ্ঠানে আইসিটি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং এটুআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্যোক্তারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা দেশব্যাপী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডিজিটাল সেন্টারের জন্য আগামী দিনের দিকনির্দেশনা দেন। এ ছাড়া সারাদেশ থেকে সফল উদ্যোক্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।
