কাতার বিশ্বকাপ ফুটবল বাছাই
স্পোর্টস রিপোর্টার
কাতার, ভারত কিংবা আফগানিস্তানের ফুটবলের কথা উঠলে বাংলাদেশের দর্শক খুব সহজেই হিসেব করতে পারেন পার্থক্যটা কোথায়। কিন্তু ওমান ফুটবল দলের কথা উঠলে মনে হতে পারে ওমান কোনো শক্তিশালী দল নয়। কারণ ওমানের সঙ্গে বাংলাদেশের ফুটবল লড়াইটা নেই বললেই চলে। সেই আশির দশকে একটা সময় পাকিস্তানের কায়েদ এ আজম ফুটবল ট্রফি কিংবা ঢাকার প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবলের সময়টায় ওমান এই উপমহাদেশে ফুটবল খেলতে আসত। কিন্তু গত দুই দশক ধরে ওমানের ফুটবলের সঙ্গে বাংলাদেশ তো দূরের কথা উপমহাদেশেও ওমানের ফুটবল লড়াইয়ের কথা শোনা যায় না। কাতার বিশ্বকাপ এবং আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে খেলতে গিয়ে গ্রুপ পর্বে অন্য দলের সঙ্গে বাংলাদেশ পেয়েছে ওমানকে। আজ ওমানের রাজধানী মাসকটে বাংলাদেশ ওমান মুখোমুখি হবে, বাংলাদেশ সময় রাত ৯টায়। খেলা দেখাবে বাংলা টিভি এবং ওমানের স্থানীয় একটি টেলিভিশন।
বাংলাদেশ এবং ওমান ফুটবলের শেষ মুখোমুখির ইতিহাস খোঁজা শুরু হলো। পাকিস্তানের করাচিতে কায়েদ এ আজম ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল খেলেছিল। ম্যাচ হেরেছিল ১-৩ গোলে। সেই ম্যাচ খেলেছিলেন গাফফার, চুন্নু, আসলাম বাবলু, আব্দুস সালাম, টুটুল, গোলকিপার সান্টু, লাল মোহাম্মাদ। এই তথ্য দিয়েছেন আব্দুস সালাম। গাফফার জানিয়েছেন করাচির ম্যাচটায় জাতীয় দল খেলেছিল। এরও এক বছর আগে ৮১ সালে প্রেডিসেন্ট কাপ ফুটবলে বাংলাদেশের দুটি দল খেলেছিল। বাংলাদেশ লাল দল জিতেছিল সেই ম্যাচে। তারপরও তারা সবাই জানালেন ওমানের বিপক্ষে খুব একটা ফুটবল ম্যাচ খেলা হয় না। হবেই বা কোথা থেকে। কারণ ওমান এখন অনেক ওপরে চলে গিয়েছে। ঐ আমলেই ওমান বাংলাদেশকে হারিয়ে দিত। আর এখনো তা আরো ওপরে যাবে সেটাই স্বাভাবিক। ইতিহাস যাই হোক না কেন ওমান এবং বাংলাদেশ ফুটবল শক্তি যে এক নয় তা সহজেই বুঝিয়ে দিচ্ছে ফিফার র্যাংকিং। ওমানের স্থান ৮৪ এবং বাংলাদেশের স্থান ১৮৪। পার্থক্য ১০০ ধাপ। এই ১০০ ধাপ এগিয়ে দলের বিপক্ষে আসলাম, গাফফার, সান্টু, চুন্নুদের উত্তরসূরিদের লড়াই। রেজাল্ট কী হবে তা কারোই জানা নেই।
মাসকটে আজকের ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা চলছে এটা ঢাকায় বসেও খবর পাওয়া গেছে। সেখানে প্রবাসী বাঙালিরা আজকের ম্যাচ নিয়ে প্রস্তুতি নিয়েছে। প্রবাসীরা দলে দলে মাঠে যাবেন জাতীয় পতাকা নিয়ে। এরই মধ্যে মাসকটের প্রিমিয়ার লিগের একটি শীর্ষস্থানীয় দলের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ায় বাংলাদেশের ফুটবল দর্শকরা দারুণ রোমাঞ্চিত। সেই জয়ের স্বাদ নিয়ে আজ তারা মাঠে আসবেন। ওমান শক্তিশালী দল হলেও ওমানের ডাচ কোচ এরউইন কোয়েম্যান বাংলাদেশের ফুটবল প্রশংসা করে বলেছেন,‘বাংলাদেশ একটি বিপজ্জনক ফুটবল দল।’ কেন এমন কথা, সেই প্রশ্নে এই ডাচ কোচ জানিয়েছেন তিনি আফগানিস্তান,কাতার এবং বারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো দেখেছেন। বাংলাদেশ কতোটা ভয়ংকর হয়ে উঠতে পারে তা তিনি অনুভব বলছেন। গতকাল ওমানের মাসকটে আজকের ম্যাচ নিয়ে সংবাদ সম্মলনে হয়েছে। সেখানে নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক মিডফিল্ডার এরউইন বলেছেন,‘আমার টার্গেট হচ্ছে ৩ পয়েন্ট। যদি সেটা না হয় তাহলে একটি পয়েন্ট হলেও আমি পেতে চাই।’ এমন কথাগুলো বাংলাদেশকে সমীহ করেই বলছেন ৫৮ বছর বয়সি ওমানের ডাচ কোচ।
ওমান সম্পর্কে ধারণাই নেই বাংলাদেশের ফুটবলার জামাল ভুঁইয়া, সাদ উদ্দিন, রাফি, গোলকিপার রানা, সোহেল রানা, জীবনদের। তারা ফিফার র্যাংকিং দেখে যতটুকু বুঝতে পারছেন। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে ভারতের ম্যাচের আগে যেমনটা ছিলেন এবারও তাই।
