দীর্ঘ ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন ডেভিড ভিয়া। আগামী মাসে জাপানের জে-লিগ মৌসুম শেষে খেলাটি থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের শীর্ষ এই গোলদাতা ও বিশ্বকাপজয়ী স্ট্রাইকারটি। ভিয়া দেশের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে ৫৯ গোল করা এই ফরোয়ার্ড ২০১৪ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে তিন বছর পর অবসর ভেঙে ২০১৭ সালে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে ফিরেছিলেন সাবেক বার্সেলোনা তারকা। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ৩৭ বছর বয়সি এই ফুটবলার দীর্ঘদিন ধরে অবসরে যাওয়া নিয়ে ভাবছিলেন বলে জানান। তিনি বলেন, ‘আমি নিজেই ফুটবল থেকে অবসর নিতে চেয়েছিলাম, আমাকে অবসর নিতে বাধ্য করা হয়নি।’
