বিবিসি
পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতার জোয়ার আছড়ে পড়ার পর ইতালির শহর ভেনিসের একাংশ বন্যার পানিতে ডুবে আছে। শহরটিতে এবার পানি সর্বোচ্চ ৬ ফুট (১ দশমিক ৮৭ মিটার) উচ্চতায় উঠেছিল বলে জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে।
১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে ভেনিসে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল ১ দশমিক ৯৪ মিটার। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে ভেনিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ব্যাপক বন্যা লক্ষ্য করা গেছে; আছড়ে পড়া একের পর এক ঢেউয়ের মধ্যে লোকজনকে বিভিন্ন রাস্তায় আশ্রয় নিতে দেখা গেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ভেনিসের নিম্নাঞ্চলের সেইন্ট মার্কস স্কয়ারও আছে। ক্যাথলিকদের অন্যতম তীর্থস্থান সেইন্ট মার্কস ব্যাসিলিকাতেও বন্যার পানি ঢুকে পড়েছে; গত ১ হাজার ২০০ বছরের মধ্যে এ নিয়ে ছয় বার এই ক্যাথেড্রালটি বন্যার কবলে পড়লো। এর মধ্যে গত ২০ বছরেই উপাসনালয়টি চার বার বন্যাক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সেইন্ট মার্কস কাউন্সিলের সদস্য পিয়েরপাওলো কাম্পোস্ত্রিনি। বন্যায় পেলাস্ট্রাইন দ্বীপে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিজের বাড়ির পাম্প চালু করতে গিয়ে তড়িতাহত হয়ে মারা যান। ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো শহরে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন।
