বেনাপোল সীমান্ত
বেনাপোল (যশোর) সংবাদদাতা
ভারতে পাচারকালে বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী, দৌলতপুর ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ পিস (৩ কেজি ৪৮৫ গ্রাম) সোনার বার উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিন পাচারকারীকে আটক করে বিজিবি।
৪৯ বিজিবির উপঅধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির তিনটি টহলদল অভিযান চালায়। এ সময় আমড়াখালী এলাকায় রবিউল ইসলামের কাছ থেকে আট পিস (৭৮৫ গ্রাম), ঘিবা সীমান্তে দিলিপ কুমারের কাছ থেকে দুই পিস (দুই কেজি) ও দৌলতপুর সীমান্ত থেকে মনিরা খাতুনের কাছ থেকে ছয় পিস (৭০০ গ্রাম) মোট তিন কেজি ৪৮৫ গ্রাম সোনার বারসহ তাদের আটক করা হয়।
আটক সোনার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। জব্দকৃত সোনা ও আটক তিন পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
