সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ১৪ ট্রলারসহ ১৯৬ জন আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৩

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

গত ৫ নভেম্বর থেকে গতকাল ১৩ নভেম্বর পর্যন্ত ৯ দিনের ব্যবধানে সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে বন বিভাগ পৃথক অভিযান চালিয়ে ১৪টি ট্রলারসহ মোট ১৯৬ জনকে আটক করেছে। আটককৃতদের সবাইকে জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, দুবলার চরের রাস মেলা উপলক্ষ্যে আটককৃতরা কয়েক দিন আগে মাছ ধরার জেলের ছদ্মবেশে ট্রলারযোগে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সুন্দরবনের দুবলার চরে যায়। সেখান থেকে ফেরার পথে অধিকাংশ অনুপ্রবেশকারীকে বনরক্ষীরা পৃথক অভিযান চালিয়ে আটক করে।