মণিপুরি মহারাসলীলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
বিপুল উত্সাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার ঊষালগ্নে সাঙ্গ হলো কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। কার্তিকের পূর্ণিমা তিথিতে উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি সম্প্রদায়ের এ রাসোত্সব অনুষ্ঠিত হয়। বুধবার ঊষালগ্নে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। মণিপুরি সম্প্রদায়ের এ বৃহত্তম উত্সব উপলক্ষে উভয় স্থানে বসে রকমারি আয়োজনে মেলা। রাসোত্সবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হয়েছিল কমলগঞ্জের মণিপুরি অঞ্চলগুলো। ভিড় সামলাতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্র্রদায়ের ১৭৭তম মহারাসলীলানুসরণ উত্সব উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, রাসোত্সব উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলনের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোরের সূর্যোদয়ের পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে এই মহামিলন অনুষ্ঠানের।
