টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে নানার কাঁচির আঘাতে প্রাণ গেল নয় মাসের নাতনি মরিয়মের। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামড়া গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে। তবে জাহাঙ্গীর স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুরবাড়ি সাতবাড়িয়া গ্রামে বসবাস করেন।
নিহত শিশুর বাবা জাহাঙ্গীর জানান, আমার স্ত্রী জাপানী বেগম ও শাশুড়ি ফয়জুন বেগম ঝগড়া করছিল। এসময় শ্বশুর করম ফরাজী কৃষি মাঠ থেকে এসে ঝগড়ায় লিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঁচি দিয়ে আমার স্ত্রী জাপানীকে কোপ দিলে শিশু কন্যা মরিয়মের মাথায় লাগে।
রাজৈর হাসপাতালের ডা. সুবাস সরকার জানান, আমরা শিশুটিকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ফরিদপুর পাঠানোর সময় সে মারা যায়। তার মাথায় বড়ো ধরনের আঘাত ছিল।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান জানান, এক শিশু কন্যার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
