বাঘারপাড়ায় ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ আটক দুই

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৫

যশোর অফিস

যশোরের বাঘারপাড়ার খাজুরা ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে। একই সঙ্গে আড়ত মালিক ও কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে এক ব্যবসায়ীর আড়তের সামনে থেকে বস্তা ভর্তি চালগুলো জব্দ করা হয়।

আড়ত মালিক দেলোয়ার হোসেন দিলু বলেন, তিনি ফরিদপুর থেকে ২০ টাকা দরে চাল কিনেছেন। মালের চালান পুলিশের কাছে রয়েছে।

বাঘারপাড়ার ওসি জসীম উদ্দীন জানান, একটি ট্রাক থেকে চালের বস্তা আড়তের সামনে নামানো হচ্ছিল। চালের বস্তাগুলো খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত হওয়ায় জড়িত অভিযোগে আড়ত মালিক দেলোয়ার হোসেন দিলু এবং চালক মো. মাসুদকে আটক করা হয়েছে। চালসহ কাভার্ড ভ্যান থানায় নিয়ে যাওয়া হয়।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানান, আড়তদার যে তথ্য দিয়েছেন, তাতে গরমিল রয়েছে। কিন্তু চালগুলো সরকারি এবং তা বাইরে বিক্রি করা নিষিদ্ধ। সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। একই সঙ্গে তিনি যাদের কাছ থেকে চাল কিনেছেন, সেখানেও অভিযান চালানো হবে।