তালায় স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীর কারাদণ্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৭

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে নির্যাতনের মামলায় সৈয়দ আমিনুর রহমান ওরফে রুমি নামের এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।

জানা যায়, তালা উপজেলার চাঁদকাটি গ্রামের মৃত আলী হোসেনের মেয়ে রেবেকা খাতুনের সঙ্গে ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে হয় সাতক্ষীরা শহরের কাটিয়া গ্রামের সৈয়দ মাহবুবর রহমানের ছেলে সৈয়দ আমিনুর রহমানের। বিয়ের দীর্ঘদিন পর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে আমিনুর রহমান তার স্ত্রী রেবেকা খাতুনকে বেদম মারপিট করে তাড়িয়ে দেয়। ঐ ঘটনায় রেবেকা খাতুন আদালতে মামলা করেন।