মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
পেঁয়াজ মজুত রেখে সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির কারণে মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে। বুধবার উপজেলার কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক।
অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন সিন্ডিকেট চক্র পেঁয়াজের গোডাউন তালা দিয়ে পালিয়ে গেছে। উপজেলার পাকুল্যা, জামুর্কি ও দেওহাটা পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের নানা অনিয়ম-দুর্নীতি ও ঘটনার সত্যতা পেয়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন হাটবাজারে অভিযান শুরু হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
