সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৯

বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা  গঙ্গাচড়ায় বুধবার কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়ার অধীনে ২০১৯-২০ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, সূর্যমুখী ও খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ডাল চাষাবাদের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগমের সভাপতিত্বে  সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

ঈশ্বরদীতে বিনা ধান-২২ -এর মাঠ দিবস

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা ধান-২২ এর মাঠ দিবস বুধবার ঈশ্বরদীর ইস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদী, পাবনা ও বিনার ঈশ্বরদী উপকেন্দ্র এই মাঠ দিবসের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রোকনুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ।

দশমিনা উপকূল দিবসের দাবিতে মানববন্ধন

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার তাগিদে ১২ নভেম্বর উপকূল দিবসের দাবিতে দশমিনায় মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। বুধবার যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও দশমিনা উপজেলা সাংবাদিক সমিতির আয়োজনে দশমিনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এবং সাংবাদিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দশমিনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি পি এম রায়হান বাদল।

ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও দলিত সম্প্রদায় শীর্ষক কর্মশালা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে টেকশই উন্নয়ন অভীষ্ট; পরিপ্রেক্ষিত সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও দলিত সম্প্রদায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) উদ্যোগে ও হেকস্ ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় এ কর্মশালা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। 

নন্দীগ্রামে নবাগত ও বিদায়ি শিক্ষা অফিসারকে সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে নবাগত উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জোব্বার ও বিদায়ি উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফ আলী, সিরাজুন্নেছা, উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর সাকিল আহম্মেদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

স্কাউট সচেতনতায় র্যালি ও আলোচনা সভা

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা স্কাউটের আয়োজনে বুধবার কাব স্কাউট ও রোবার স্কাউটের অংশগ্রহণে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক বন্ধে র্যালি ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্কাউটের কমিশনার ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। র্যালি শেষে জেলা সদরের আছমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়।

মোরেলগঞ্জে বুলবুল ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে উপজেলা সদর ও নিশানবাড়িয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুই ইউনিয়নের ১৭০ জন নারী ও পুরুষকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমুখ।

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদকে স্মরণ

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা  কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজ উপজেলা নেত্রকোনার কেন্দুয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটার দিকে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ ও চর্চা সাহিত্য আড্ডা। কেক কাটা শেষে আলোচনা সভায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

৩ হাজার কৃষককে প্রণোদনা উপকরণ বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী। এ সময় উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালালউদ্দিন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা বেগম মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা, ডাল,  পেঁয়াজ, সূর্যমুখি ও শীতকালীন সবজি বীজ।

বাগেরহাটে আইডিইবির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি  “লার্নিং বাই ডুইং হোক শিক্ষার ভিত্তি”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে আইডিইবির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাত উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দি বেস্ট মডেল একাডেমি চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা   কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উলিপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে সুশাসনের জন্য নাগরিক-সুজন উলিপুর শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। সুজনের উপজেলা শাখার সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব প্রমুখ।

ময়মনসিংহে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ কর অঞ্চল আয়োজিত সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার এ অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমুখ। ময়মনসিংহ কর অঞ্চলের ৪২ জন সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।