রাজধানীর ওয়ারীতে একটি বাড়ির চিলেকোঠা থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আরিফ হোসেন (২৩)। গতকাল দুপুরে লালমোহন সাহা স্ট্রিটে ১৩৯ নম্বর বাড়ির চিলেকোঠা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক সুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
জানা গেছে, সবুজের বালু-সিমেন্টের দোকানে কাজ করতেন আরিফ। তার স্ত্রী ইয়াসমিন দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকেন। খবর পেয়ে গতকালই ছুটে আসেন স্ত্রী, সন্তানসহ আত্মীয়রা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেছেন ইয়াসমিন।
ওয়ারী থানার এসআই হারুন-অর-রশিদ জানান, আরিফ ১৬/১৭ বছর ধরে বাড়ি ও দোকানের মালিকের বালু-সিমেন্টের দোকানে কাজ করে আসছিল। তিনি ঐ বাড়ির চিলেকোঠায় একটি ছোট্ট রুমে একা থাকতেন। আরিফের গলা কাটা এবং পেটে গাছের ডালের সুচালো অংশ ঢুকানো ছিল।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশনস) সুজিত কুমার সাহা জানান, আরিফকে কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। ব্যবসায়িক নাকি অন্য কোনো কারণে আরিফকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।
