শবরীমালায় নারীর প্রবেশাধিকার

রায় পুনর্বিবেচনা করবে ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

সব বয়সি নারীকে শবরীমালা মন্দিরে প্রবেশের অনুমতি দানের ঐতিহাসিক রায় পুনর্বিবেচনা করতে সম্মত হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিষয়টি পর্যালোচনা করার জন্য সাত বিচারপতির একটি বেঞ্চের কাছে পাঠানো হয়েছে।

পুনর্বিবেচনার পক্ষে আদেশ দিয়ে বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, সব বয়সি মহিলাদের শবরীমালায় প্রবেশ করতে দেওয়া উচিত কি না, এই প্রশ্ন একটি বড়ো বিতর্ক তৈরি করেছে। এর মধ্যে মুসলিম ও পারসি মহিলাদের ধর্মীয় স্থানে প্রবেশের অনুমতি দেওয়ার মতো বিষয়ও রয়েছে। তাই এটি পর্যালোচনা করার জন্য আরো বৃহত্তর বেঞ্চের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো বলেই মনে করা হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, ‘সব পক্ষকে নতুন করে সুযোগ দেওয়া উচিত।’

২০১৮ সালের সেপ্টেম্বরে ঐতিহাসিক ঐ রায়টি দিয়েছিল দেশটির শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সেই যুগান্তকারী রায়ে বলেছিল, এখন থেকে শবরীমালা মন্দিরে যে কোনো বয়সের যে কোনো নারীর প্রবেশাধিকার রয়েছে।