দেশের বাইরেও বাংলা ফোক গানের দারুণ ক্রেজ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২০:২৫

সায়রা রেজা। বাংলা ফোক গানে এক ভিন্নমাত্রা তৈরি করেছেন তার নিজস্ব গায়কী দিয়ে। এরই ভেতরে তার গাওয়া একাধিক গান জনপ্রিয়তার তালিকায়। নিজের গান নিয়ে মঞ্চে পারফমেন্সের বাইরে লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন। আসছে তার আরো নতুন কিছু গান। একাধিক ডিজিটাল ব্যানারের পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করছেন। সাম্প্রতিক কাজ ও ভাবনা নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন নুরুল করিম

কেমন আছেন?

ভালো আছি। দেশে ফিরে ব্যস্ততার মধ্যেই দিন কাটছে।

 

এখনকার ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাচ্ছি...

স্টেজ শো নিয়েই ব্যস্ত আছি। শুধু দেশে নয়, দেশের বাইরেও শো করছি। সামনে মালয়েশিয়াতে শো আছে, ভারতের কলকাতায় শো করারও কথাবার্তা চলছে। এছাড়া বেশকিছু নতুন গানও হাতে আছে। এরমধ্যে একটি শফি মণ্ডলের সঙ্গে। বছরের শেষে মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে সেটা। ‘ভ্রমর কইও গিয়া’ গানটি নতুন করে গেয়েছি, কয়েকদিনের মধ্যেই প্রকাশ হবে। আরো কয়েকটি গানের কণ্ঠ দেওয়া বাকি। এছাড়া টিভি শো, ইন্টারভিউসহ অন্যান্য ব্যস্ততা তো আছেই।

 

নিউইয়র্কে তো নিয়মিত শো করেন আপনি। সেখানে বাংলা গান, বিশেষ করে ফোক গানের ক্রেজ কেমন?

শুধু নিউইয়র্ক নয়, এ বছর আমেরিকার ১১টি স্টেটে শো করেছি। এছাড়া নানা দেশে আমি সারাবছরই শো করি। স্টেজে দাঁড়ালেই বোঝা যায় সেখানে বাংলা গানের কতটা কদর। এক কথায় দেশের বাইরেও বাংলা ফোক গানের দারুণ ক্রেজ।

 

দেশে ফোক গানের কদর থাকলেও স্টেজ শো কমছে, সেক্ষেত্রে দেশের বাইরের অবস্থা কেমন?

ফোন গানের কদর বিদেশে অবাক করার মতো। বেশিরভাগ শো হয় বাউল গানের। এ কারণে আমাকে সারাবছরই ব্যস্ত থাকতে হয়। তবে বাংলাদেশের অবস্থা আমি ভালোভাবে বলতে পারবো না। 

 

ভবিষ্যত্ পরিকল্পনা কী?

আসলে আমি বিদেশে বেশি গান করি ঠিক, তবে ফোক গানের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে মহাসমুদ্র। দেশের বাইরে যত বড়ই বাঙালি কমিউনিটি থাকুক, এগুলো হচ্ছে একেকটা ছোটখাটো পুকুর। আমি দু-দিকেই কাজ করছি। অনেকে তো দেশে কনসার্টের জন্য আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসেন। এই ফোক গান নিয়ে আমার বেশ বড় পরিকল্পনা আছে। গেয়ে যাবো। একটার পর একটা গান প্রকাশ হতে থাকবে।

 

নতুন কোনো অ্যালবামের পরিকল্পনা আছে কী?

ধারাবাহিকভাবে সিঙ্গেল গান, মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে আপাতত।