অ্যাসোসিওর আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’। তথ্যপ্রযুক্তিতে এশিয়ার অন্যতম বৃহত্তম সংগঠন ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)’ আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করবে। ১২ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের কানেকশন কনফারেন্স অ্যান্ড ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিতব্য ২০১৯ ASOCIO-PIKOM DIGITAL SUMMIT-এ এই সম্মাননা প্রদান করা হবে। অ্যাসোসিও বর্তমানে এশিয়া প্যাসিফিকের ২৪টি ইকোনমিতে আইসিটি খাতকে বিকশিত করার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ‘অ্যাসোসিও’ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে, যার মধ্যে আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’ পেতে যাচ্ছে এই অ্যাওয়ার্ড।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আইসিটি খাতে প্রশিক্ষণ ও মেনটরিংয়ের মাধ্যমে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে আইডিয়া প্রকল্প। এছাড়া আইডিয়া প্রকল্প তার স্টার্টআপ বাংলাদেশ ব্যানার নিয়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে স্টার্টআপ সংস্কৃতি প্রচার ও প্রসারের পাশাপাশি উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে ব্যাপক ভূমিকা রাখছে। আজকের তরুণ উদ্যোক্তারাই ভবিষ্যতে সারা বিশ্বে নেতৃত্ব দেবে। আইসিটি খাতে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে বাংলাদেশ যে পরিচিতি পেয়েছে এই পুরস্কার তারই স্বীকৃতি। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সার্বিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে এবং তরুণদের তাদের উদ্ভাবনী ভাবনাগুলোর সঠিক চর্চার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণে উত্সাহিত করবে।
অ্যাসোসিওর আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে এই আন্তর্জাতিক সম্মাননার জন্য ‘অ্যাসোসিও’, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং অ্যাসোসিও অ্যাওয়ার্ড নির্বাচন কমিটির প্রতি আইসিটি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্টার্টআপ বাংলাদেশ—আইডিয়ার প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক।
অন্যদিকে, দেশের তথ্যপ্রযুক্তি কোম্পানি ইজেনারেশন লিমিটেড এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আইসিটি অ্যাওয়ার্ড জিতেছে। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে কানেকশন কনফারেন্স অ্যান্ড ইভেন্ট সেন্টারে আউটস্ট্যান্ডিং ইউজার অর্গানাইজেশন ক্যাটাগরিতে ইজেনারেশনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কোম্পানিটি ১০টিরও অধিক দেশে সফলভাবে আইটি সল্যুউশন বাস্তবায়ন করেছে।
গত ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলমান অ্যাসোসিও ডিজিটাল সামিটের অংশ হিসেবে ২০১৯ অ্যাসোসিও আইসিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এশিয়া-ওশেনিয়ান অঞ্চলের আইসিটি খাতের সংগঠন অ্যাসোসিও এবং মালয়েশিয়ার জাতীয় প্রযুক্তি সংগঠন পিকম এই সামিটের আয়োজন করেছে।
ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম অ্যাসোসিওর চেয়ার?ম্যান ডেভিড ওং-এর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার এমআইটিআই উপমন্ত্রী অং ক্লান মিং, অ্যাসোসিও এর সদ্য বিদায়ি সভাপতি ও থাই তথ্যপ্রযুক্তি সংগঠনের সভাপতি বোনরাক সারাজ্ঞানান্দা এবং অ্যাসোসিওর সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি।
