‘ভারতের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ’

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:১২

বিশ্বকাপ বাছাই পর্বের চার ম্যাচের দুটিতে ড্র করে পরবর্তী পর্বে ওঠার আশা এখনো বাঁচিয়ে রেখেছে ভারত। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে বাছাইপর্বে খেলতে নামার আগে দলটির কোচ ইগর স্টিমাচ জানালেন মূলত ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার লক্ষ্যেই এগোচ্ছে তার দল।

চলতি বাছাইপর্বের শুরুটা দারুণই হয়েছিল সুনীল ছেত্রিদের। ওমানের বিপক্ষে শুরুতে অধিনায়ক ছেত্রির গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তের দুই গোলে হারতে হয় তাদের। পরের ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে ছেত্রিকে ছাড়াই গোলশূন্য ড্র করে দলটি। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে ড্র করে ভারত। তাতেই বিশ্বকাপ আর এশিয়া কাপ খেলার স্বপ্নে লেগেছে বড়ো ধাক্কা।

ভারত সাবেক কোচ স্টিফেন কনস্টান্টাইনের আমলে কিছুটা রক্ষণাত্মক ঘরানার ফুটবল খেলত। চলতি বছরের মাঝামাঝিতে দায়িত্ব নেওয়া স্টিমাচ জানালেন, সেটা থেকে বেরিয়ে এসে কিছুটা আক্রমণাত্মক ফুটবলের দীক্ষা দিচ্ছেন তিনি। তাতে মানিয়ে নিতেই কিছুটা সময় নিচ্ছেন ব্রেন্ডন ফার্নান্দেজ-ছেত্রিরা।

কোচ স্টিমাচ বলেন, ‘এশিয়া কাপের পর আমরা খেলার ধরনটা বদলেছি খানিকটা। আমি দলের দায়িত্ব নেওয়ার আগে রক্ষণভাগে ছয় জন খেলোয়াড় খেলত। লম্বা বল বাড়িয়ে আক্রমণভাগের চার জন খেলোয়াড় দিয়ে আক্রমণের চেষ্টা করত দলটা। আমি এখানে পরিবর্তন আনতে চেয়েছি।’

দলকে এভাবে ঢেলে সাজানোর পেছনে কাজ করছে বড়ো এক লক্ষ্য। স্টিমাচ জানালেন, ২০২৬ বিশ্বকাপে খেলার জন্যেই নিজেদের তৈরি করছে তার দল। ক্রোয়াট কোচের ভাষ্য, ‘ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা নতুন দল তৈরি করতে চাইছি। আর আমরা ২০২৬ বিশ্বকাপে মনোযোগ দিচ্ছি। এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া এবং খুব কঠিনও।’

বাংলাদেশের বিপক্ষে গত মাসের ড্রটি নিয়েও কথা বলেন এই কোচ। সে ম্যাচে নিজ দলের হার না মানা মানসিকতারও প্রশংসা করেন স্টিমাচ। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে দুটো পয়েন্ট হারাইনি বরং একটা পয়েন্ট অর্জন করেছি। দারুণ লড়াই করেছি, চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছি। তাতেই সমতাসূচক গোলটি এসেছিল। বিশাল দর্শকের সামনে খেলায় তরুণ দলটার ওপর চাপ ছিল বেশ। সেটা জয় করেছিলাম আমরা আর এটা মোটেও সহজ ছিল না।’