নিয়মিত সাধারণ সভা হয়নি বাফুফের। সেটি এখন বুঝতে পারছেন বাফুফের কর্মকর্তারা। আগামীকাল শনিবার বাফুফের সাধারণ সভা হবে। সেটি গাজীপুরের একটি রিসোর্টে। কী হবে, না হবে তা নিয়ে আলোচনা হয়েছে কাল বাফুফের জরুরি সভায়। কর্মকর্তারা বুঝতে পারছেন ভোটারদের অনেক প্রশ্ন জমে রয়েছে। তারা জানতে চায় বিভিন্ন সময়ে উত্থাপিত নানা অভিযোগ। বাফুফে মনে করছে যেসব অভিযোগ উঠেছে কিংবা অভিযোগ নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে সেই সব প্রশ্নের জবাব দেওয়া উচিত। করণীয় সব বিষয় নিয়ে জরুরি সভা শেষে বাফুফের সদস্য হারুনুর রশিদ সংবাদমাধ্যমকে জানালেন তাদের পরিকল্পনার কথা। এজিএমকে সামনে রেখে কাউন্সিলরদের নিয়ে একটা মিলনমেলা করতে চায় বাফুফে। সুখ-দুঃখের কথা শুনতে চায় বাফুফে।
হারুনুর রশিদ জানান, ‘ফুটবল উন্নয়নে সংগঠক, ক্লাব, বাফুফের মধ্যে মতপার্থক্য রয়েছে। আমরা চাই কাউন্সিলররা একটা উত্সবমুখর পরিবেশে তাদের সব কথা উঠে আসুক।’ অনেক দিন এজিএম হয় না এই নিয়ে প্রশ্ন উঠলে হারুনুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘বিক্ষিপ্তভাবে এজিএম হয়েছে। নিয়মিত হলে ভালো হতো।’
এজিএমকে কেন্দ্র করে ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাফুফে। শুক্রবার রাতে বাফুফের কাউন্সিলররা যাবেন গাজীপুরের রিসোর্টে। শনিবার এজিএম। সেখানে কাউন্সিলরদের নিয়ে ফুটবল ম্যাচ হবে দুই পক্ষের মধ্যে। দুটি দলও গঠন করা হয়েছে। জার্সিসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রীও প্রস্তুত করা হয়েছে বলে কাল সন্ধ্যায় বাফুফের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বাফুফে এরই মধ্যে কাউন্সিলরদের ঢাকায় আমন্ত্রণ জানিয়ে তাদের সমস্যার কথাও শুনতে শুরু করেছে।
