এবার টেস্ট ফিরছে পাকিস্তানে!

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:১৪

নির্বাসন কাটিয়ে সীমিত ওভারের ক্রিকেট পাকিস্তানে  ফেরলেও, সাদা পোশাকের ক্রিকেট ফেরা নিয়ে ছিল শঙ্কা। তবে, সেই অচলাবস্থা অবশেষে কাটল। আসছে ডিসেম্বরেই পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হবে। প্রতিপক্ষ যথারীতি শ্রীলঙ্কা।

আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ থেকে ২৩ ডিসেম্বর করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এ ঘোষণা দেয়।

সর্বশেষ ২০০৯ সালের মার্চে এ শ্রীলঙ্কা দলই পাকিস্তানে টেস্ট খেলেছে। ঐ সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে ১২ জন বন্দুকধারী হামলা করে। ছয় শ্রীলঙ্কান ক্রিকেটার আহত নন। ছয় জন পাকিস্তানি পুলিশসহ মোট আট জন সেদিন সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায়।

সেই ঘটনার জের ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন একদম নিষিদ্ধ হয়ে যায়। এরপর থেকে খেলতে যায়নি বিশ্ব ক্রিকেটের দেশগুলো। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেট দেশটিতে আয়োজিত হলে এবারই প্রথম টেস্ট আয়োজিত হতে যাচ্ছে।

গেল সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানে দ্বিতীয় সারির একটা লঙ্কান দল পাকিস্তানে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। ঐ সময়ই এ সিরিজের ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছিল দুই পক্ষে।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, ‘আগের সফরেই আমরা ফিরতি সফরটা নিশ্চিত করে এসেছিলাম। ওখানে এখন টেস্ট খেলা যায়, এ ব্যাপারে আশ্বস্ত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা মনে করি, যে কোনো ক্রিকেট খেলুড়ে দেশকেই টেস্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত। পাকিস্তানে টেস্ট ফিরিয়ে এনে ইতিহাসের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের ক্রিকেটের শুরুর দিনগুলোতে পাকিস্তান থেকে আমরা অনেক সহায়তা পেয়েছি।’

পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক জাকির খানও এসএলসির কাছ থেকে ইতিবাচক সারা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য এটা দারুণ একটা খবর। আশা করি এর ফলে আবারও আমরা নিজেদের হারানো ভাবমূর্তি ফিরে পাব। পিসিবি দেশের মাটিতে সব রকম ক্রিকেট ফেরানোর জন্য চেষ্টার যে কোনো কমতি রাখছে না—এটা সেটাই প্রমাণ করে। আশা করি, এ খবর তরুণ প্রজন্মকে আরো বেশি ক্রিকেটে উত্সাহিত করবে।’