যুব ক্রিকেটে বর্তমান সময়ের সারা বিশ্বের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান তার। গতকাল করলেন এই পর্যায়ের ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি। সেই সঙ্গে ১ হাজার ২৮৪ রান নিয়ে যুব ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১১ নম্বরে উঠে এলেন।
তৌহিদ হূদয়ের এই রান উত্সবের দিনে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তৃতীয় ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। গতকাল চট্টগ্রামে ১৬১ রানের বিরাট জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করেছে স্বাগতিক দল। দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারানোর পর দারুণ জুটি করেছিলেন তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয়। দুজনই ফিফটি পার করেছেন। তানজিদ ৬০ ও জয় ৫২ রান করে আউট হন। এরপর ইনিংসটাকে ফুলিয়ে তুলেছেন হূদয়। অন্যদিকে অধিনায়ক আকবর আলী ও শামীমের সঙ্গ পেয়েছেন তিনি। আকবর ৫২ ও শামী ২১ রান করে আউট হয়েছেন। তবে হূদয় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৯৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১২৩ রানের ইনিংস খেলেছেন তিনি।
বাংলাদেশ ৭ উইকেটে ৩৪০ রান করে। হূদয় এখন যুব ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১১ নম্বরে আছেন। ১০ নম্বরে আছেন সাইফ হাসান। সবার ওপরে আছেন ১ হাজার ৮২০ রান করা সাবেক অনূর্ধ্ব-১৯ ওপেনার নাজমুল হাসান শান্ত। সেরা দশে আছেন এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজও। বাংলাদেশের এই বিশাল রানের জবাবে ৩১.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
