অ্যাশেজের মাঝপথে হারানো জায়গা আবারও ফিরে পেলেন ক্যামেরন ব্যানক্রফট। মার্কাস হ্যারিসকে সরিয়ে আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পেলেন এই ওপেনার। কারণ, হ্যারিসও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে গতকাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই দল থেকে আরো বাদ পড়েছেন উসমান খাজা। তবে, জায়গা পেয়েছেন জো বার্নস। পঞ্চম পেসার হিসেবে দলে রাখা হয়েছে মাইকেল নেসেরকে। অ্যাশেজে ব্যর্থ হলেও টি-টোয়েন্টির ফর্ম দিয়ে টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন ডেভিড ওয়ার্নার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী বৃহস্পতিবার, ব্রিসবেনে। পরের ম্যাচটি হবে দিন-রাতের, ২৯ নভেম্বর থেকে অ্যাডিলেডে। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হারে পাকিস্তান। এই টেস্ট সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়েছেন আজহার আলী।
