নানা কর্মসূচিতে ডায়াবেটিস দিবস পালিত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৪৮

 ‘আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ এই স্লোগান নিয়ে বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষ্যে শোভাযাত্রা, দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনা মূল্যে ডায়াবেটিসের ওষুধ বিতরণ করেছে গোপালগঞ্জ সোস্যালওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের শহরের উদয়ন রোডের কার্যালয়ে এ ওষুধ বিতরণ করা হয়। এছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা ও ফার্মেসি উদ্বোধন করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। জয়পুরহাটের বাবুপাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি পদযাত্রা বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয় পদযাত্রাটি।

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে ডায়াবেটিক সমিতির ও মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে শোভাযাত্রা, দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার চাঁদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসটি পালন করা হয়। চাঁদপুর ডায়াবেটিস সমিতি কর্তৃক আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, র্যালি ও আলোচনা সভা। দুই শতাধিক নারী-পুরুষকে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মানিকগঞ্জ ডায়বেটিস সমিতি মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করে। পরে দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী ডায়াবেটিস সচেতনতায় আলোচনা সভা এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ডায়াবেটিস রোগীদের চিকিত্সা সেবা দেওয়া হয়।

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মালনি রোডের ডায়াবেটিক সমিতির অস্থায়ী অফিস থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

নোয়াখালী প্রতিনিধি জানান, গতকাল  বৃহস্পতিবার জেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কে শোভাযাত্রা  বের করা হয়।