ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে পীর মিয়া এবতেদায়ী মাদ্রাসা। এতে ব্যাহত হচ্ছে মাদ্রাসার ২৫০ শিক্ষার্থীর পাঠদান। চৌচালা টিনের তৈরি মাদ্রাসাটি বিধ্বস্ত হওয়ার পরেও খোলা আকাশের নিচে পাঠদান অব্যাহত রেখেছেন শিক্ষকরা। পীর মিয়া এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহম্মদ জানান, ১৯৮৪ সালে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি এলাকার মানুষের অনুদানে চললেও ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মাদ্রাসার ওপর বিশাল আকৃতির দুইটি গাছ উপড়ে পড়ে কক্ষগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে খোলা আকাশের নিচেই পাঠদান শুরু করেছে শিক্ষকরা।
