বরিশালে ২০ মণ জাটকাসহ আটক দুই

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫২

বরিশালে শিকার নিষিদ্ধ ২০ মণ জাটকাসহ দুই পরিবহন শ্রমিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লাহারহাট ফেরিঘাট থেকে ট্রাক বোঝাই করে বিভিন্ন স্থানে অবৈধভাবে পাচারকালে দুই জনসহ ঐ জাটকা আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত দুই জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বরিশালে এক প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল অফিস জানান, বরিশালে অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে বেকারি সামগ্রী উত্পাদনের দায়ে আর্য ফুড প্রডাক্টস নামের এক খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আর্য ফুড প্রডাক্টসে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।