সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৫

ভিক্ষুকের পুনর্বাসনে আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার, রাজশাহী মহানগরীর ১৯ ভিক্ষুককে আর্থিক সহযোগিতা দিয়ে পুনর্বাসন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষুক পুনর্বাসন’ প্রকল্পের আওতায় তাদের পুনর্বাসন করা হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি, জেলা প্রশাসক হামিদুল হক ১৯ ভিক্ষুকের হাতে সাড়ে ৩ লাখ টাকার চেক তুলে দেন।

বুলবুলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা রাজাপুরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার পল্লি অঞ্চলে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার।

বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে বৃহস্পতিবার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাটমোহরের অধীনে ২০১৯-২০ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, সূর্যমুখি ও খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল চাষাবাদের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার।

নাটোরে সচেতনতা বাড়াতে আলোচনা সভা

নাটোর প্রতিনিধি সড়ক পরিবহনের নতুন আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান প্রমুখ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দিন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খান।