গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর গত ৪৮ বছরের মধ্যে শেখ হাসিনা সরকার ইসলামের কল্যাণে সর্বাধিক কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, ইমাম-আলেমদের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছে। পাশাপাশি সরকার রাষ্ট্রের সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় ইমাম সমিতি আয়োজিত জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক ও সন্ত্রাসসহ সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও আলেমদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আইএস ইহুদি-নাসারাদের দেশ ইসরাইল সৃষ্ট একটি নিষিদ্ধ সংগঠন। ইসলামের নামে তারা অরাজকতা করে বিশ্বের শান্তিশৃঙ্খলা নষ্ট করছে। তারা ইসলামের শত্রু। তাই তাদের ব্যাপারে ইমাম-আলেমসহ আমাদের সতর্ক থাকতে হবে।
ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক কে এম সাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম ও পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।
