ঢাকার ধামরাইয়ে কলা চাষ করে সফলতা অর্জন করেছেন উপজেলার রাজাপুরের এক আইনজীবী খামারি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে অ্যাডভোকেট এ আর খান রানা কলা চাষ করে আসছেন। বংশী নদীর তীরে প্রায় ২০০ শতাংশ জমিতে গড়ে উঠেছে তার কলাবাগান ও খামার। অ্যাডভোকেট রানার সঙ্গে কলা চাষে সম্পৃক্ত রয়েছেন তার কয়েকজন বন্ধুও। তারা সবাই মিলেই খামারটি দেখভাল করেন। কলা চাষ করে তারা বেশ লাভের মুখ দেখছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানে একই সঙ্গে সাগর, শবরী ও চাপা কলার চাষ করা হয়েছে। বাগানে প্রচুর কলা ধরেছে। কলাগুলো বেশ হূষ্টপুষ্ট এবং দেখতেও বেশ সুন্দর। শুধু কলা নয়, সারা বছর লেবুসহ নানা ধরনের নিরাপদ সবজির চাষ হয়ে থাকে ইফাজ তাহিয়া এগ্রোফার্ম নামের এ খামারটিতে। নিরাপদ মাংস ও ডিম উত্পাদনের জন্য রয়েছে মুরগির খামার।
অ্যাডভোকেট রানা ও তার বন্ধুরা জানান, তাদের উত্পাদিত কলার বেশ চাহিদা রয়েছে। তাই কলা বিক্রি করতে তাদের কোনো অসুবিধা হয় না। কয়েকদিন পরই কলাগুলো আরও হূষ্টপুষ্ট হবে। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে বাগান থেকে কলা সংগ্রহ করবেন। তখন ধামরাইয়ের এই সুস্বাদু ও পুষ্টিকর কলা পাওয়া যাবে স্থানীয় ও দূরদূরান্তের বাজারে।
