রূপগঞ্জে ছয় দিনে শীতলক্ষ্যার ৩০ একর জমি উদ্ধার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১৫

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ৪র্থ ও ৫ম দফায় ছয় দিনের অভিযানে ৩০টি ইটভাটার দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে জব্দকৃত ইট, বালু ও কয়লা প্রায় ৪৫ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়। ছয় দিনে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের প্রায় ৩০ একর জমি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রূপগঞ্জে উপজেলার খৈসাইর ও লক্ষ্যা শিমুলিয়া এলাকায় নদী তীর দখল করে গড়ে ওঠা ইটভাটাগুলোতে অভিযান চলে। এসময় এনএসটি ব্রিকফিল্ড, বিএবি ব্রিকফিল্ড ও এসএসবি ব্রিকফিল্ডসহ কয়েকটি ইটভাটার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাটকৃত অংশ অবমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হয়। জব্দকৃত ইট, বালু ও কয়লা নিলামে বিক্রি করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।