ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ছাত্র নাইমুল আবরার রাহাতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বৃস্পতিবার তার পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে আইনজীবী ফয়জুর রহমান এ রিট করেন। রিটে শিক্ষাসচিব, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, তথ্যসচিব, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো),বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা), দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ফয়জুর রহমান জানান, রিটে প্রথম আলো কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা আদায়ের নির্দেশনা চাওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চের অনুমতি নিয়ে তিনি রিটটি দায়ের করেন। আগামী রবিবার আবেদনের শুনানির জন্য উপস্থাপন করা হবে বলেও জানান এ আইনজীবী।
গত ১ নভেম্বর উক্ত কলেজে প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যু হয়। এর পর গত ৩ নভেম্বর আবরারের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়েছে।
