ক্যাম্পাসে ইট দিয়ে কলেজছাত্রীর পাঁচ দাঁত ভেঙে দিল বখাটে

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০১:০৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ক্যাম্পাসে খাদিজা (১৯) নামে এক ছাত্রীর পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজমির উল্লাহ অমিড (১৮) নামে এক বখাটের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকালে শরীয়তপুর সরকারি কলেজে এ ঘটনা ঘটে। খাদিজা সদর উপজেলার চর কোয়ারপুর গ্রামের আবুল কালাম ঢালীর মেয়ে ও অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বখাটে অমিড একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের শাহ আলম খানের ছেলে। এ ঘটনায় খাদিজার বাবা বুধবার রাতে থানায় মামলা করেছেন।

সূত্র জানায়, অমিড গত দুই মাস ধরে খাদিজাকে বিরক্ত করছে। সে তাকে প্রেমের প্রস্তাবও দেয়। বুধবার ক্লাস শেষে কলেজ থেকে বের হওয়ার সময় খাদিজার পথরোধ করে ওই বখাটে। তখন তাদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অমিড একটি ইট দিয়ে ওই ছাত্রীর মুখে সজোরে আঘাত করে। এতে ওই ছাত্রীর নিচের পাটির দুটি ও উপরের পাটির তিনটি দাঁত ভেঙে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার বলেন, তার মুখে অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু সদর হাসপাতালের দন্ত বিভাগে ওই সাপোর্ট নেই।

ছাত্রীর বাবা আবুল কালাম ঢালী বলেন, কলেজে একটি ছেলে আমার মেয়েকে উত্ত্যক্ত করত তা বাড়িতে দুই-একবার আলোচনা করেছে। কিন্তু বিষয়টি কখনো গুরুত্ব দেইনি। এর মূল্য এমনভাবে দিতে হবে বুঝতে পারিনি। অধ্যক্ষ হরুন অর রশিদ বলেন, কাল শনিবার বিষয়টি নিয়ে শিক্ষক পরিষদের সভা ডেকেছি। সেই সভায় সিদ্ধান্ত নিয়ে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পালং মডেল থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, বখাটে অমিড পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।