ভারতের রাজধানী দিল্লিতে এখনো বিপজ্জনক মাত্রার বায়ুদূষণ রয়েছে। এ অবস্থা থেকে বের হতে বাড়ানো হতে পারে ‘অড এন্ড ইভেন কার স্কিম’-এর মেয়াদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার বলেছেন, ‘কার রেশনিং’ সিস্টেম শুক্রবার শেষ হওয়া কথা ছিল। কিন্তু প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হতে পারে। দুই কোটি মানুষের শহরে প্রাইভেট কার চলাচলের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে এক দিন পর পর জোড়-বিজোড় নম্বরধারী গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪ নভেম্বর থেকে এ পদ্ধতিতে গাড়ি চলছে।
চলতি মাসের শুরুতেই দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছায়। এ কারণে দিল্লিতে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতির জন্য দিল্লিবাসী ভারি বৃষ্টির অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, প্রয়োজনে আমরা অড-ইভেন পদ্ধতির মেয়াদ বাড়াব। এটি প্রতিদিনই নজরদারিতে রাখা হবে।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির বিষাক্ত বাতাসের জন্য যানবাহন প্রধান কারণ নয়। তাদের মতে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে শস্যক্ষেত পরিষ্কার করতে গমের নাড়া পোড়ানোই দিল্লির বায়ুদূষণের প্রধান কারণ। তিন বছর ধরেই এ পরিস্থিতি বিরাজ করছে।
