সৌদি আরব থেকে আরো ২১৫ জন বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার রাতে দুটি পৃথক ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই ১ হাজার ৫৬১ বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আর চলতি বছরে দেশটি থেকে ফিরেছেন প্রায় ২১ হাজার বাংলাদেশি।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত ২১ হাজার বাংলাদেশিকে শুধু সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। দেশে ফেরা অনেক কর্মীর অভিযোগ, আকামা তৈরির জন্য তারা নিয়োগকর্তাকে টাকা দিলেও আকামা তৈরি করে দেয়নি। এখন পুলিশ যখন তাদের গ্রেফতার করছে তখন নিয়োগকর্তা কোনো দায় নিচ্ছে না।
এদিকে সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমির আজ শুক্রবার সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে। একই ফ্লাইটে আরো ১০০ জন নারী সৌদি আরব থেকে ফেরত আসার কথা রয়েছে বলে জানা গেছে।
