জাতীয় ঐক্যফ্রন্ট ও ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যার সাথে আমার আদর্শিক বিপরীত, যিনি বেগম খালেদা জিয়াকে ওন করেন না, যিনি বিএনপির রাজনীতি ওন করেন না, যিনি জিয়াউর রহমানকে ওন করেন না। তাকে সামনে রেখে পথ চললে সেই পথ অতিক্রম করা সম্ভব? এটা আমি মনে করি না।
গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : গণতন্ত্র : শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ বুলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে পেঁয়াজের দাম ২০ টাকা ছিল, সেটা আজকে ২০০ টাকা। ভোট ছাড়া তারা যে সরকারে এসেছে সেটা প্রমাণ করার জন্যই শেখ হাসিনা আজকে আমাদেরকে পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
