তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক নাট্যোত্সব ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’। আজ আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে সন্ধ্যা ৬টায় উত্সবের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা। উত্সবের প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে শুভাশিস সিনহার মূল ভাবনায় মণিপুরী থিয়েটারের ‘ঢাকা-করতালে বাজুক জীবন’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়ন হবে শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে ‘বটতলা’র নাটক ‘ক্রাচের কর্নেল’। এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লত্ফা নিত্রা এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
১১ দিনব্যাপী আন্তর্জাতিক এই নাট্যোত্সবে প্রতিদিন মূল রঙ্গমঞ্চে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে বটতলাসহ বাংলাদেশের ২টি ও বিদেশের ৮টি দল তাদের নাটক পরিবেশন করবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, স্পেন, ইরান ও নেপাল। প্রতিদিন বহিরাঙ্গনে নাদিম মঞ্চে থাকছে নাটক, গান, কবিতা, মূকাভিনয়, নাচসহ বিভিন্ন আনন্দ আয়োজন, যা মূলত শুরু হবে সন্ধ্যা ৬টায়।
গতবারের মতো এবারো থাকছে দেশের ৮টি বিভাগের ৮ নাট্যজনকে সম্মাননা প্রদান, যারা খুব নীরবে-নিভৃতে দীর্ঘদিন ধরে নাট্যচর্চাকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন ও করছেন। বটতলা রঙ্গমেলা উত্সবে প্রতিবারই মঞ্চের একজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এবার ২৬ নভেম্বর উত্সবের সমাপনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হবে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদকে। বটতলা এবারের উত্সবে যুক্ত করছে আরেকটি ভিন্নমাত্রা। বিভাগীয় নাট্যজনদের পাশাপাশি এবার পর্দার অন্তরালের ১০ জনকে সম্মান জানানো হবে, যারা দীর্ঘদিন ধরে মঞ্চ নাটককে সফল করতে অন্তরালে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
