বলিউডে নারীদের প্রভাব কম নয়:সোনম

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:৩৭

বলিউডে নারীদের প্রভাব এখন অনেকটা এগিয়েছে। এক সময় ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের যে প্রভাব ছিল সেই তুলনায় নারীরা অনেকটাই পিছিয়ে ছিল। এখন আর তেমনটা নেই। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডসহ আন্তর্জাতিক অন্যান্য জায়গাতেও নিজেদের মেধার প্রমাণ দিচ্ছেন। এই উদাহরণে ঐশ্বরিয়ার পর বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের নাম শীর্ষে। শুধু দেশের বাইরেই নয়, বলিউডের সিনেমাতেও এখন কেন্দ্রীয় চরিত্রে নারীরা বেশ প্রভাব রাখছেন। তাদের ঘিরেই শত কোটি টাকার ব্যবসা করছে বলিউড। ২০১৬ সালে মুক্তি পায় ‘নিরজা’ সিনেমাটি। যার কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করেন সোনম কাপুর। এই সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কারসহ মোট ৮টি পুরস্কার পান তিনি। আবারো তাকে ঘিরেই নির্মিত হতে যাচ্ছে একটি সিনেমা। 

২০১১ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ‘ব্লাইন্ড’ ছবির হিন্দি রিমেক করতে চলেছেন সুজয় ঘোষ। তবে পরিচালকের আসনে কিন্তু এবার আর সুজয় ঘোষকে দেখা যাবে না। তার পরিবর্তে ছবিটি পরিচালনা করছেন সুজয়ের ঘনিষ্ঠ বন্ধু সোম মাখিজা। সিনেমাটি প্রসঙ্গে সোনম বলেন, ‘এখন বলিউডে নারীদের প্রভাব কম নয়। শুধু নায়িকা কেন্দ্রিক সিনেমাগুলোও বক্স অফিসে হিট। এটি অবশ্যই বেশ ইতিবাচক আর এই চর্চার ধারাবাহিকতা আরো প্রশংসনীয়।’

উল্লেখ্য, শেষবার সোনমকে দেখা গিয়েছিল ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। যদিও বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখতে পারেনি সোনম অভিনীত এই ছবি।