রংপুরের গঙ্গাচড়ায় জয়দেব সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ছাত্রছাত্রী ও শিক্ষকরা যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।
জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে গেছে। বিমের রড বের হয়ে গেছে। কয়েকদিন আগে এক রাতে বিল্ডিংয়ের পলেস্তারা খসে পড়ে শিক্ষক কমনরুমের একটি টেবিল ভেঙে গেছে। এরপর থেকে সেখানে শিক্ষকরা বসছেন না। তাছাড়া সমস্ত বিল্ডিং দিয়ে পানি চুঁইয়ে পড়ে। সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির ছাদে বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে গেছে। তাছাড়া ছাদের বিমের রড বের হয়ে আছে ও ফাটল ধরেছে। মরিচা ধরেছে রডে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস করছে। এ সময় ৫ম শ্রেণির শিক্ষার্থী আঁখি মনি, বশির আহমেদ, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মারুফা আক্তার, রবিঊল বলল তারা ভয়ে ভয়ে ক্লাস করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা ২০০ জন। বিদ্যালয়টি ২০০১-২০০২ অর্থবছরে নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, সমস্ত বিল্ডিং দিয়ে পানি চুঁইয়ে পড়ে ফ্যান নষ্ট হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো কাজ হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফছারুল ইসলাম বলেন, ছাত্রছাত্রী ও শিক্ষকরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। এ অবস্থায় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা পাঠানো হবে।
