প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:০৭

বালিয়াকান্দিতে শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আলমগীর শেখ নামের এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ঐ নারীর ভাই মামলাটি দায়ের করেন। আসামি আলমগীর শেখ ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের মৃত সোনা মিয়া ওরফে রশিদ মাস্টারের ছেলে।

প্রতিবন্ধী নারী ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা।

ঐ নারীর ভাই মামলার বাদী আছাদুজ্জামান খান বলেন, আমার বোন একজন শ্রবণ প্রতিবন্ধী। গত ২৫ অক্টোবর রাতে আলমগীর আমার বোনের সঙ্গে দৈহিক সম্পর্ক করে। সে সময় আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা হয়। তখন আলমগীরের মামাসহ স্থানীয়রা মীমাংসা করে দেবে বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু কোনো বিচার হয়নি। এখন আমার প্রতিবন্ধী বোন গর্ভবতী।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হবে। ধর্ষণের শিকার ওই নারীকে মেডিক্যালসহ আদালতে জবানবন্দি দেওয়ার জন্য রাজবাড়ী পাঠানো হয়েছে।