সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে ক্রিকেট পরিচালক পদের জন্য প্রস্তাব করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কিন্তু, কিংবদন্তি এই ক্রিকেটার বোর্ডের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন স্মিথ। তিনি মনে করেন, নিজের মতো স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বোর্ড তাকে যথেষ্ট সমর্থন করবে না।
৩৮ বছর বয়সি স্মিথ লিখেছেন, ‘অবশ্যই এই পদটা নিতে পারাটা আমার জন্য দারুণ একটা ব্যাপার হতো। আমার কিছু পরিবর্তন আনার ভাবনাও ছিল। এই নিয়ে গেল ১০ সপ্তাহ বা তারচেয়েও বেশি সময় বোর্ডের সঙ্গে আমার আলাপ-আলোচনা চলেছে। তবে আমার মনে হয়নি যে, কাজ করার ক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে আমি পূর্ণাঙ্গ স্বাধীনতা পাব।
১১৭টি টেস্ট ম্যাচে ২৭টি সেঞ্চুরিসহ ৯২৬৫ রান করা স্মিথই যে এই পদটা পাবেন—সেটা শোনা যাচ্ছিল বেশ অনেকদিন ধরেই। তবে, শেষ মুহূর্তে প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এখন বোর্ডের মাথায় হাত। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে হাতে কেবল ছয় সপ্তাহ আছে।
আপাতত সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার কোরি ভ্যান জিল অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে এই পদে ছিলেন। যদিও, অর্থসংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি আরো দুই কর্মকর্তার সঙ্গে বহিষ্কৃত হয়েছেন। তবে, এখন শোনা যাচ্ছে এবার ভ্যান জিলকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়া হবে।
