শতকের আরো কাছে রোনালদো

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:১৩

পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো লিথুয়ানিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে শততম গোলের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন। সেঞ্চুরি পেতে তার দরকার আর কেবল দুই গোল।

 রোনালদোর নৈপুণ্যে গত বৃহস্পতিবার রাতে ইউরো বাছাইপর্ব খেলায় পর্তুগাল পেয়েছে ৬-০ ব্যবধানের দারুণ এক জয়। এর ফলে বাছাইপর্বের ‘বি’ গ্রুপ থেকে ইউরো ২০২০-এ উত্তরণের আরো কাছে চলে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এমন নৈপুণ্যের পর কোচ আর সতীর্থদের আকণ্ঠ প্রশংসাই পাচ্ছেন জুভেন্তাস ফরোয়ার্ড।

কোচ মাউরিজিও সারি জুভেন্তাসের হয়ে শেষ দুই ম্যাচে তাকে পুরোটা সময় খেলতে দেননি। এ নিয়ে কিছুটা রাগও ঝেরেছিলেন রোনালদো। তবে এদিন তিনি খেললেন পুরোটা সময়। দারুণ এক হ্যাটট্রিক করলেন। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পর ২২ মিনিটে বাঁকানো এক শটে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী। ৬৫ মিনিটে যখন হ্যাটট্রিক পূরণ করলেন, তার আগে পিজ্জি, গনকালো পাসিয়েন্সিয়া আর বার্নার্দো সিলভার লক্ষ্যভেদ দলের বড়ো জয়ই নিশ্চিত করে ফেলেছিল।

বয়স ৩৫ ছুঁইছুঁই করছে। এই সময়ে এসে ভাটার টান লাগে অনেক ফুটবলারের পারফরম্যান্সেই। কিন্তু রোনালদোর থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। সতীর্থ মারিও রুই জানালেন, রোনালদোর সাফল্যের তীব্র ক্ষুধাই এর কারণ। পর্তুগাল লেফটব্যাকের ভাষ্য, ‘সে বিশ্বসেরা খেলোয়াড়। জয় পেতে পেতে কখনোই ক্লান্ত হয় না, বরং সে আরো চায়। তার এই সাফল্যের ক্ষুধাই তাকে এই পর্যায়ে এনেছে।’

তিনি আরো বলেন, ‘তাকে দলে পেয়ে আমরা খুশি। আমি আশা করব সে অতীতে যেভাবে আমাদের আনন্দ দিয়ে গেছে, ভবিষ্যতেও সেটা করতে থাকবে।’

তবে রোনালদোর এমন পারফরম্যান্সে মোটেও অবাক নন কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে নিয়ে অনেকেই আমাকে জিগ্যেস করেছিল। আমি বলেছিলাম যে সে খেলতে পারবে এবং সে পুরোপুরি সুস্থ। আর এই পারফরম্যান্স আমাকে মোটেও অবাক করেনি। আমি কখনোই তার নৈপুণ্যে অবাক হই না, এটা নিশ্চিত হতে পারেন। আর তাই তার হ্যাটট্রিক পুরোপুরি স্বাভাবিক ব্যাপারই ছিল।’

আগের সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করে ৫৪টি ক্যারিয়ার হ্যাটট্রিক নিয়ে রোনালদোর পাশে এসে দাঁড়িয়েছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। এর এক সপ্তাহ না ঘুরতেই লিথুয়ানিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এগিয়ে গেলেন রোনালদো। এই হ্যাটট্রিকের পথে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯৮তম গোল পেয়েছেন তিনি। ফলে আলি দায়ির বিশ্বরেকর্ড ১০৯ গোল থেকেও মাত্র ১২ ধাপ দূরে চলে এসেছেন পর্তুগাল অধিনায়ক।

এই জয়ের পরেও নিশ্চিত নয় পর্তুগালের মূল আসরে খেলা। লুক্সেমবার্গের বিপক্ষে শেষ ম্যাচে জিততে হবে তাদের। জয়টা সহজ হবে না বলেই মনে করছেন দলটির খেলোয়াড় মারিও রুই। তিনি বলেন, ‘কাগজে-কলমে এখনো আমাদের নিশ্চয়তা নেই। লুক্সেমবার্গ কঠিন দল। আমরা জানি এটা কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ২০২০ ইউরো এবং আমরা ৩ পয়েন্টই অর্জন করতে চাই।’

দিনের অন্য ম্যাচে ইংল্যান্ড ৭-০ ব্যবধানে হারিয়েছে মন্টেনেগ্রোকে। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স মলদোভার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে হারিয়েছে মলদোভাকে।